ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ দূতাবাস চার প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই একই পরিবারের সন্তান এবং ওমানে কর্মরত ছিলেন।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, বুধবার সকালে তারা কর্মস্থলের উদ্দেশ্যে গাড়িতে রওনা হন। পথে চলন্ত অবস্থায় গাড়িতে গ্যাস লিকেজের কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে গাড়িটি বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। তারা আগামী ১৫ মে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশে ফেরার আগের শেষ মুহূর্তে কেনাকাটা শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছালে বন্দারাজারপাড়ায় শোকের ছায়া নেমে আসে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও গভীর শোক বিরাজ করছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।



