নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর পিএসহ নিহত ৫, আটক ১১১০

0
8

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে বুধবার (৬ মে) রাতে সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন তার গাড়ির চালক বুদ্ধদেব বেরা, যিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের অধীনে রয়েছেন। বুদ্ধদেবের শরীরে অন্তত তিনটি গুলির আঘাত লাগে।
নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর পিএসহ নিহত ৫

স্থানীয় সূত্রের খবর, হামলাকারীরা চারটি মোটরসাইকেলে করে আসে এবং দোহাড়িয়া লেনে প্রবেশ করা রথের গাড়ির উপর এলোপাতাড়ি গুলি চালায়। প্রথমে আহতদের ভিভা সিটি হাসপাতালে নেওয়া হলেও চালকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। হাওড়া ও রাজারহাট নিউ টাউনে দুই বিজেপি কর্মী নিহত হয়েছেন বলে দলটি দাবি করেছে, অপরদিকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে বীরভূমের নানুর ও বেলেঘাটায় তাদের দুই কর্মীকে হত্যা করেছে বিরোধী পক্ষ। বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও বাঁকুড়াসহ একাধিক জেলায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আসানসোল অঞ্চলে তৃণমূলের কয়েকটি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, পাশাপাশি কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি দোকান ভাঙচুর নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বসিরহাটে পুলিশ কর্মকর্তাসহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে; এখন পর্যন্ত প্রায় ২০০টি মামলা দায়ের করা হয়েছে, ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১,১০০ জনকে আটক করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও সহিংসতা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাজনীতিক এবং বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা সহিংসতায় রূপ নিয়েছে, যা সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

NO COMMENTS

LEAVE A REPLY