বাংলাদেশী প্রতিষ্ঠান ড্রিম ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

0
6

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে বাংলাদেশিদের ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে পাঠানোর অভিযোগে একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য সরকার। মানবপাচার ও প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সংশ্লিষ্ট সম্পদ জব্দের সিদ্ধান্তও নেয়া হয়েছে।

ব্রিটিশ সরকারের তথ্যমতে, ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’ নামে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের সংগ্রহ করছিল। তাদের রাশিয়ায় পাঠানোর পর অনেককে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫’-এর আওতায় এই ব্যবস্থা নেয়া হয়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মানবপাচার বা অভিবাসীদের জীবন ঝুঁকিতে ফেলে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রতিষ্ঠানটি মূলত রাশিয়ার সেবা খাতে আকর্ষণীয় বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করত। তবে বাস্তবে সেখানে পৌঁছানোর পর তাদের অনেকের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো।

এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে যুদ্ধকে ঘিরে অভিবাসী ও শ্রমিকদের অপব্যবহারের বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে চাকরির নামে প্রতারণার ফাঁদ দিন দিন আরও জটিল হয়ে উঠছে এবং এ ধরনের চক্র মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয় জরুরি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলমান। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিভিন্ন দেশ থেকে শ্রমিক ও অভিবাসীদের নানা কৌশলে সংঘাতে জড়ানোর অভিযোগও বাড়ছে।

NO COMMENTS

LEAVE A REPLY