নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

0
9

নরসিংদী-মদনগঞ্জ সড়কে মুজিবুর রহমান (৫৫) নামের এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৮টার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫নং সেতুর পাশে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুজিবুর রহমান মাধবদী কালীবাড়ি এলাকার একটি ডাইং কারখানার কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মাধবদীর বিরামপুর সংলগ্ন বাহাদুরপুর এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ৮টার দিকে তিনি নরসিংদী থেকে সিএনজি করে মাধবদী ফিরছিলেন। তাকে বহনকরা সিএনজিটি পৌরসভার ময়লার স্তূপ সংলগ্ন ৫ নম্বর সেতু এলাকায় পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা সিএনজিটির গতিরোধ করে মুজিবুরকে নিচে নামায়। পরে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে এক সিএনজি চালক গুরুতর আহত অবস্থায় মুজিবুরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী চালক পরিচয় না দিয়েই দ্রুত সেখান থেকে চলে যান বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY