যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে উত্তেজনাকর বা কড়া ভাষা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, ইসলামাবাদের পক্ষ থেকে এ বিষয়ে একটি বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত ও সতর্ক বক্তব্য দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা জানান, ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তার ভাষায়, খুব শিগগিরই বা আগামী এক–দুই দিনের মধ্যে ইরানি একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নিতে পারে।
তিনি আরও বলেন, চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে পাকিস্তান, যাতে আলোচনার পরিবেশ আরও অনুকূল হয়।
সূত্র: মিডল ইস্ট আই



