ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, “তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না।” তিনি সতর্ক করে দিয়েছেন যে “যেকোনো মুহূর্তে” যুদ্ধ পুনরায় শুরু হতে পারে।যুদ্ধবিরতি নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই রবিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই মন্তব্যগুলো এসেছে।
সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরাইলি রেডিও জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় ইসরাইলের সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
এদিকে স্থানীয় সময় শনিবার সকালে হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ এক বৈঠকে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ এবং চলমান যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মার্কিন প্রশাসনের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, যদি দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো না যায়, তাহলে কয়েক দিনের মধ্যেই আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে দুই দেশের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে। তবে এখনো নতুন কোনো আলোচনার তারিখ চূড়ান্ত হয়নি, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।
সূত্র: মিডল ইস্ট আই



