লালমনিরহাট জেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান।
এর আগে বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার আব্দুল্লাহর স্ত্রী।
তিনি সংরক্ষিত নারী আসন-২ লালমনিরহাট-কুড়িগ্রাম এর সাবেক সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন।প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, নাশকতা ও হত্যাসহ পাঁচটি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেত্রী অ্যাডভোকেট সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তাকে লালমনিরহাট নিয়ে আসা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।



