ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সিনিয়র সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাবে সমর্থন জানান। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. তাহেরও এই প্রস্তাব সমর্থন করেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে ভাষণ দিতে শুরু করেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকে এমপিরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন। সকাল সাড়ে ১০টায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
ড. খন্দকার মোশাররফ কুমিল্লা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য। তিনি এর আগে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন সফলভাবে। বিএনপিতে তিনি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে তিনি জিয়াউর রহমানের হাত ধরে পুরোদস্তুর রাজনীতিতে আসেন। সব মহলে তার সম্পর্কে ইতিবাচক মনোভাব স্পষ্ট।



