তদন্তে ৩ সদস্যের কমিটি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীর বিরুদ্ধে তথ্য গোপন করে সরকারি বরাদ্দ নিয়ে নিজ পুকুরপাড়ে গাইডওয়াল নির্মাণের অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
অভিযোগকারী জামিনুর রহমান গত ১৩ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার স্বাক্ষরিত ৯ জুনের আদেশে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, দ্রুত তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।
ইউএনও পাপিয়া সুলতানা বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।














