• Home
  • অর্থ-বাণিজ্য
  • গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৭০ কারখানায় ছুটি, ৩২টি বন্ধ ঘোষণা
Image

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৭০ কারখানায় ছুটি, ৩২টি বন্ধ ঘোষণা

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ ও অবরোধ শুরু হয়।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় যান। একপর্যায়ে কোনাবাড়ী, মৌচাক, ভোগড়া বাইপাস, কলম্বিয়া, সালনা ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে দুই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।

প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল শুরু হয়। শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবার গাজীপুরের বিভিন্ন এলাকার ৬০ থেকে ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার ৬০ থেকে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »