• Home
  • রাজনীতি
  • ক্লাসরুমের নৈতিক শিক্ষা ছাড়া কেউ ভালো মানুষ হতে পারেন না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
Image

ক্লাসরুমের নৈতিক শিক্ষা ছাড়া কেউ ভালো মানুষ হতে পারেন না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি: ক্লাসরুমের নৈতিক শিক্ষা ছাড়া কেউ ডিসি, এসপি, মন্ত্রী কিংবা এমপি হলেও ভালো মানুষ হতে পারেন না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। এ জন্য শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা ছেড়ে নিয়মিত ক্লাসরুমে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে ‘শরীরচর্চায় সুস্থতা, সাহিত্যে মননশীলতা, সংস্কৃতিতে বিকশিত হোক মানবিক সত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজের নবীনবরণ, সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, কোচিংয়ে কেবল পরীক্ষায় পাসের কৌশল শেখানো হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষকেরা পাঠ্যবইয়ের বাইরেও সমাজ, রাষ্ট্র ও জীবনবোধ সম্পর্কে প্রকৃত শিক্ষা দেন।
এ সময় শ্রেণী কক্ষের গুরুত্ব তুলে ধরে পেশাজীবীদের নৈতিক অবক্ষয়ের সমালোচনা করে তিনি বলেন, ভিজিট ছাড়া রোগী না দেখা কিংবা ঘুষ ছাড়া কাজ না করার যে মানসিকতা, তা থেকে বেরিয়ে আসতে শ্রেণিকক্ষে শিক্ষকদের জ্ঞানদানের বিকল্প নেই।

নাগরিক সচেতনতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, আমরা বিদেশে নিয়ম মানলেও দেশে যেখানে-সেখানে ময়লা ফেলি। ২০২৪ সালে দেশে ফেরার পর রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবহৃত টিস্যু রাস্তায় না ফেলে পকেটে তুলে রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় শীর্ষ নেতৃত্বের এই কাজটি সবার জন্য অনুকরণীয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় তিনি পাথরাজ সরকারি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ সাজ্জাদ ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি কে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »