Image

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

ফাইন্যান্সিয়াল টাইমস’কে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প

ইরানে এখনই হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে মার্কিন বাহিনী পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। এরই মধ্যে হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে হামলার কথা নিশ্চিত করেছেন ট্রাম্প। তার দাবি, এটি ছিল সীমিত সামরিক পদক্ষেপ, পূর্ণমাত্রার যুদ্ধের শুরু নয়।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ফাইন্যান্সিয়াল টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগে সংবাদপত্রটিকে দেয়া সাক্ষাৎকারে ইরান নিয়ে ওয়াশিংটনের অবস্থানকে ‘চমৎকার পরিস্থিতি’ বলেও বর্ণনা করেন ট্রাম্প।

তার কথায়, ইরানের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি নিয়ে তার প্রশাসন সন্তুষ্ট। ট্রাম্প বলেন, ‘আমরা যা চাই, সবই যেন পেয়ে যাচ্ছি।চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে হামলা হতে পারে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে দেয়া ইঙ্গিত সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। তবে সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি প্রস্তুত, আমরাও প্রস্তুত। প্রয়োজন হলে আমরা পুরোপুরি প্রস্তুত অবস্থায় আছি। তবে এর কোনো কারণ নাও থাকতে পারে। ’

এদিকে সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে একটি আকাশ প্রতিরক্ষা স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন। তিনি এ অভিযানকে পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়া নয়, বরং ‘সীমিত সামরিক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।

ফক্স নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রায় দুই মাস ধরে স্থাপনাটি নির্মাণের কাজ পর্যবেক্ষণ করেছিল ওয়াশিংটন। নির্মাণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে হামলা চালানো হয়।

তিনি বলেন, ‘তাদের কোনো বিমানবিধ্বংসী ব্যবস্থা নেই। গত রাতে আমরা কিছু ধ্বংস করেছি… তারা একটি বিমানবিধ্বংসী স্থাপনা তৈরি করেছিল। এতে প্রায় দুই মাস সময় লেগেছে। আমরা সেটি তৈরি হতে দেখেছি। নির্মাণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা হামলা চালিয়েছি। ’

ট্রাম্প এই অভিযানকে ছোটখাটো হামলা হিসেবে তুলে ধরেন। তার দাবি, এর অর্থ বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করা নয়।

গত সোমবার রাতে কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশের পর ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। মার্কিন কর্মকর্তারা হামলাকে আত্মরক্ষামূলক বলে বর্ণনা করেছেন। তাদের দাবি, ইরানি বাহিনী মার্কিন সামরিক সম্পদের বিরুদ্ধে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।

এদিকে মধ্যবর্তী নির্বাচনের পরও তিনি ইরানে ‘অনেক মানুষ হত্যা করতে চান না’ বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে ওয়াশিংটন কঠোর পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছেন তিনি।

ইরানে হামলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র—এমন খবরের মধ্যে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘দেখুন, আমি অনেক মানুষকে হত্যা করতে চাই না। কিন্তু আমাদের যদি তা করতে হয়, তাহলে করতে হবে। ’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »