• Home
  • অর্থ-বাণিজ্য
  • বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ
Image

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্রুত একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেছে উভয় দেশ।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল অ্যান্টিগুয়া ও বার্বুডার সেন্ট জোনসে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাসিমির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) ফাঁকে তারা এই দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

বাংলাদেশ ও ইউএই’র মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার সময় উভয় পক্ষ প্রস্তাবিত চুক্তিটি দ্রুত কার্যকর করার বিষয়ে তাগিদ দেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সাথে স্থান পায়।

এছাড়া বাংলাদেশের বন্দর অবকাঠামোতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ও বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমর্থনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

একই সাথে রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো মোকাবিলাসহ এই সংকট নিরসনে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »