কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: তিসতা ডিগ্রি কলেজের সভাপতি মরহুম মোঃ রেজাউল করিম রেজার মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজের শিক্ষক হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব গোলাম মোস্তাফা।
স্মরণসভায় মরহুমের কর্মময় জীবন, শিক্ষা উন্নয়নে তাঁর অবদান এবং মানবিক গুণাবলির কথা স্মরণ করে বক্তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর কন্যা সাদিয়া ইয়াসমীন ঐশি, ভগ্নিপতি মোঃ আলম হায়দার, বোন তহমিনা বেগম ইলা, শাহানা জাফরী ও তাহমিনা জাফরী।
এছাড়াও বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আব্দুস সালাম, সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম, জিয়াউর রহমানসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও সুধীজন।বক্তারা বলেন, মরহুম মোঃ রেজাউল করিম রেজা তিসতা ডিগ্রি কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে কলেজ পরিবার একজন অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীকে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মোস্তাইন বিল্লাহ। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















