পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে মোকছেদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই মোজাফফর হোসেন (৩০) আহত হয়েছেন।সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই বৃষ্টির সময় জমিতে শুকাতে দেওয়া বাদাম রক্ষার জন্য প্লাস্টিকের আচ্ছাদন দিতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকছেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মোজাফফর হোসেন চিকিৎসা নিচ্ছেন। ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল ঘটনাটির বিষয় টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির সময় জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাই আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর ছোট ভাই মকছেদুল ইসলামের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি আশরাফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে মোকছেদুল ইসলামের মৃত্যু বজ্রপাতের কারণেই হয়েছে বলে জানা গেছে। মরদেহ পরিবারকে বুঝে দেওয়া হয়েছে।
















