• Home
  • দেশ
  • রিসোর্টে আগুনে ১০ মৃত্যু: মালিকের বিরুদ্ধে মামলা, ম্যানেজার গ্রেপ্তার
Image

রিসোর্টে আগুনে ১০ মৃত্যু: মালিকের বিরুদ্ধে মামলা, ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলাধীন ইনানীর পাটুয়ারটেকে ‘টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ, নিয়াজ মোর্শেদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সুমনকে পুলিশ গ্রেপ্তার করলেও রিসোর্ট মালিক নিয়াজ মোর্শেদ ও তানভীর আহমদের অবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার সন্ধ্যায় রিসোর্টের রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার। তবে মামলায় মোট কতজনকে আসামি করা হয়েছে এবং তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি রাজি হননি।

উখিয়া থানার পুলিশের এক কর্মকর্তা জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে রিসোর্টের মালিক ও চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বাসিন্দা তানভীর আহমদকে। এছাড়া ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। তবে মামলায় মোট আসামির সংখ্যা ওই কর্মকর্তাও নিশ্চিত করতে পারেননি।

এদিকে লাশের পরিচয় শনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে ডিএনএ পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।

তিনি বলেন, ডিএনএ পরীক্ষার আগপর্যন্ত লাশগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে। উদ্ধার হওয়া লাশ, নিখোঁজ ব্যক্তি ও পরিচয় শনাক্তের বিষয়টি নিয়ে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। পরীক্ষার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারে কর্মরত অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।

তিনি সাংবাদিকদের বলেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে এখানেই ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »