আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপুজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল হালিম, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, সান্তাহার মাদক দ্রব্য সার্কেলের কর্মকর্তা শামসুল আলম, আদমদীঘি পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, আদমদীঘি পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সৌরভ কর্মকার, সদস্য সচিব অভিলাশ বর্মন, পুজা মন্দির কমিটির নেতা বাদল মৈত্র প্রমূখ।
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এবারে আদমদীঘি উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা ৬৯ টি মন্ডবে অনুষ্ঠিত হবে। অতীতের মত ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে প্রতিটি পুজা মন্ডবে নির্বিঘেœ শান্তিপূর্ণ ভাবে দুর্গা পুজা উদযাপন হবে। কোন অবস্থাতেই আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোন কাজ করা যাবে না। এছাড়া তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও প্রতিটি পুজা কমিটির নেতৃত্বদানকারী সবাইকে সজাগ থাকার আহবান জানান।


















