• Home
  • দেশ
  • কাউনিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি ও গণশৌচাগার অচল
Image

কাউনিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি ও গণশৌচাগার অচল

দুর্ভোগে হাজারো মানুষ

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ জনপদ কাউনিয়া বাসস্ট্যান্ডের একমাত্র যাত্রী ছাউনি ও গণশৌচাগারটি দীর্ঘ দশ বছর ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভাঙাচোরা অবকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশ, পানির সংকট ও ব্যবহারের অনুপযোগী শৌচাগারের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রী। বিশেষ করে নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি সীমাহীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট ও কুড়িগ্রামগামী যাত্রীদের সুবিধার্থে কাউনিয়া বাসস্ট্যান্ডের মাছ বাজার সংলগ্ন এলাকায় প্রায় ৩০ বছর আগে যাত্রী ছাউনি কাম গণশৌচাগারটি নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় বর্তমানে এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ডে যাত্রীদের জন্য ন্যূনতম অপেক্ষার জায়গা ও শৌচাগার সুবিধাটুকুও কার্যত বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, যাত্রী ছাউনি ও গণশৌচাগারের ভেতরে-বাইরে ময়লা-আবর্জনার স্তূপ জমে রয়েছে। দরজা-জানালা ভাঙা থাকায় শৌচাগার ব্যবহারে নিরাপত্তা ও গোপনীয়তার অভাব রয়েছে। নিয়মিত পরিষ্কার না করায় চারদিকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। পানির কল নষ্ট থাকায় শৌচাগারটি ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে যাত্রী ছাউনির সামনের মাটি ক্ষয়ে যাওয়াসহ অবকাঠামোগত সমস্যার কারণে সেখানে বসে অপেক্ষা করার মতো পরিবেশ নেই।

স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীদের অভিযোগ, রংপুর ও কুড়িগ্রাম জেলার সংযোগস্থল হওয়ায় এই বাসস্ট্যান্ড দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। অথচ দীর্ঘ ছয় বছর ধরে গুরুত্বপূর্ণ এই নাগরিক সুবিধাটি অবহেলিত। শৌচাগার ব্যবহারের অনুপযোগী হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন নারী ও শিশু যাত্রীরা। বাধ্য হয়ে অনেককে বিকল্প ব্যবস্থা খুঁজতে হচ্ছে।

বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী ওমর ফারুক নান্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যাত্রী ছাউনি কাম গণশৌচাগারটি প্রায় অর্ধযুগ ধরে সংস্কারের অভাবে পড়ে আছে। দুর্গন্ধ ও অব্যবস্থাপনার কারণে যাত্রীরা এখন আর এখানে দাঁড়াতে চান না। এতে যাত্রী সমাগম কমে যাওয়ায় আমাদের ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। বেচাকেনা আগের তুলনায় অনেক কমে গেছে।’

এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, ‘রাস্তাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে হওয়ায় এ বিষয়ে উপজেলা প্রশাসনের সরাসরি কিছু করার নেই। তবে জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আগামী জেলা সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরব।’

এদিকে যাত্রী ছাউনিটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের রোদ-বৃষ্টির মধ্যে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ছোট শিশুদের নিয়ে যাতায়াতকারী পরিবারগুলোকে পড়তে হচ্ছে বাড়তি বিড়ম্বনায়। ব্যস্ত মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসে ওঠানামা করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সচেতন মহলের মতে, জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দ্রুত যাত্রী ছাউনি ও গণশৌচাগারটি সংস্কার, নিরাপদ পানির ব্যবস্থা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্ধারণ করা জরুরি। অন্যথায় গুরুত্বপূর্ণ এই সড়কপথে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »