• Home
  • অর্থ-বাণিজ্য
  • দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের ১০৪ স্থাপনা ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ
Image

দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের ১০৪ স্থাপনা ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ

দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা, ঋণপ্রবাহ বজায় রাখা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই ব্যাংকিং কার্যক্রমের নিরাপদ ও নিরবচ্ছিন্ন পরিবেশ বজায় রাখা অর্থনীতি ও জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪টি জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটির নিজস্ব ভবন ও স্থাপনার সংখ্যা ৬৭৭টি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনায় ব্যাংকটির অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া প্রায় ১৫ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট গ্রাহকেরা সমস্যায় পড়ছেন। এতে এসব অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে সংঘটিত এসব ঘটনা ব্যাংকের সম্পদ, স্বাভাবিক কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে এসব ঘটনা গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »