• Home
  • প্রচ্ছদ
  • পয়লা ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
Image

পয়লা ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

প্রধান অতিথি তারেক রহমান

মাসব্যাপী ‘বিজয়ের মাস’ উদ্‌যাপনের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। এ সমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনার নির্দেশে দেশে আবারও রক্তাক্ত পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। কৃত্রিম সংকট তৈরি করে দেশের চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা নস্যাৎ করার ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, বিদেশে বসেও শেখ হাসিনা প্রতিশোধ ও রক্তের নেশা থেকে বেরিয়ে আসতে পারেননি। তার নির্দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে তারা। এরই মধ্যে বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন।

বর্তমান সরকারের ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে।

এত সহিংসতা ও উসকানির পরও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথ বেছে নেয়নি। বরং ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। সরকারের এ ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়েও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথাও বলেছেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত মন্তব্যেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তিনি বলেন, লক্ষ প্রাণের আত্মদান ও দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এসএম জাহাঙ্গীর এমপি, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »