মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট পাঠানোর দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একজন পলাতক আসামির জন্য এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। এ ধরনের দাবি উন্মাদনা ছাড়া আর কিছুই নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, যে মুখপাত্র এয়ারক্রাফট চাওয়ার দাবি করেছেন, তার এই বিবৃতি উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।
বিদেশে পলাতক আসামিদের তৎপরতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তারা কোনো কর্মকাণ্ড চালাচ্ছেন না। অন্য কোনো দেশে আসামিদের তৎপরতার বিষয়ে কূটনৈতিক চ্যানেলে জানানো ছাড়া কিছু করার নেই। বিভিন্ন দেশে তাদের তৎপরতা গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি।
তিনি বলেন, পলাতক নেতাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্যরা যে সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও খুনি, তা তারা নিজেরাই বিশ্বের কাছে প্রমাণ করছেন। এসব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করে, তাহলে বিচারের মাধ্যমে এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল হয়তো বাধ্য হবে।
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে দলটির বিচার চাওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।
এদিকে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের শুনানি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। দেশের সব টেলিভিশন চ্যানেল এই শুনানি সম্প্রচার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জিয়াউল আহসান প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে যে ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল। তার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ডের পাশাপাশি তার সম্পত্তি বাজেয়াপ্তসহ আনুষঙ্গিক অন্যান্য সাজাও প্রত্যাশা করা হচ্ছে।
এদিন যুক্তিতর্কের শুনানি দেখতে ট্রাইব্যুনালে উপস্থিত হন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলি।
সানজিদা ইসলাম তুলি বলেন, এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই লড়াই চালিয়ে আসছি। দীর্ঘ প্রতীক্ষার পর আজ যুক্তিতর্কের শুনানি দেখতে এসেছি। সরকারের কাছে আমাদের দাবি ন্যায়বিচার।
তিনি আরও বলেন, গুম কমিশনের তথ্য অনুযায়ী, ১ হাজার ৮০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে আড়াই শতাধিক মানুষ এখনও ফিরে আসেননি। গুমের শিকার ব্যক্তিদের গোপন বন্দিশালায় কীভাবে নির্যাতন করা হয়েছে, তাদের কী পরিণতি হয়েছে—প্রতিটি ঘটনার সত্য জানতে চাই। প্রত্যেকটি গুমের ঘটনার বিচার চাই।
















