• Home
  • দেশ
  • স্বাভাবিক গোপালগঞ্জের জনজীবন, বিজিবি-আনসার মোতায়েনে জনমনে স্বস্তি
Image

স্বাভাবিক গোপালগঞ্জের জনজীবন, বিজিবি-আনসার মোতায়েনে জনমনে স্বস্তি

লকডাউন-পরবর্তী সময়ে গোপালগঞ্জে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই জেলা শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খুলেছে দোকানপাট ও মার্কেটগুলোও।

সোমবার সকাল থেকে শহর ঘুরে দেখা যায়, অফিস-আদালত, ব্যাংক-বিমা, স্কুল-কলেজসহ সব ধরনের প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে খোলা রয়েছে। পাশাপাশি ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কেও যান চলাচল আগের মতো স্বাভাবিক রয়েছে। শহরে ট্রাফিক পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। রাস্তাঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অল্পসংখ্যক সদস্যকে টহল দিতে দেখা গেছে। তবে সরকারি অফিস ও আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে, গতকাল গভীর রাতে গোপালগঞ্জের বিভিন্ন গ্রামাঞ্চলে হঠাৎ মাইকিং করে প্রচার করা হয়, বিজিবি ও পুলিশ এলাকায় ঢুকে গণগ্রেপ্তার চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব মাইকিং ছিল সম্পূর্ণ মিথ্যা ও গুজবভিত্তিক। এই গুজবকে কেন্দ্র করে নিজেদের মধ্যে উত্তেজনা ও গোলযোগ শুরু হলে কিছুক্ষণ পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ফেসবুক পেজে সতর্কবার্তা দিতে দেখা যায়। সেখানে গভীর রাতে প্রচারিত এসব গুজবে কান না দিয়ে সবাইকে নিজ নিজ ঘরে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়।

অন্যদিকে, জনজীবনে স্বস্তি ফিরলেও জেলা শহরে দিন দিন ব্যাপক আকারে বিজিবি, আনসার ও এসআরবি মোতায়েন করায় সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি হচ্ছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন পর্যন্ত ৫৫ প্লাটুন বিজিবি ও ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্যসহ অতিরিক্ত এসআরবি মোতায়েন রয়েছে।

তবে এখন পর্যন্ত টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানীসহ জেলা শহরে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ দিনের কর্মসূচি ঘোষণার বিষয়টি আলোচনায় থাকলেও মাঠে তাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »