• Home
  • বিনোদন
  • সহিংসতার পরিবর্তে সংলাপ এবং ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়ার মন্ত্র দিলেন শাহরুখ
Image

সহিংসতার পরিবর্তে সংলাপ এবং ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়ার মন্ত্র দিলেন শাহরুখ

সহিংসতার পরিবর্তে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস এবং ঘৃণার পরিবর্তে ভালোবাসাকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার মতে, শান্তি শুধু একটি অনুভূতি নয়; বরং এটি প্রতিদিনের সিদ্ধান্ত, দায়িত্ব ও প্রতিশ্রুতি। গত শনিবার (২১ নভেম্বর) মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন বার্তা দেন এই অভিনেতা।

নিজের ছেলের সঙ্গে হওয়া একটি কথোপকথনের স্মৃতিচারণার মধ্য দিয়ে বক্তব্য শুরু করেন শাহরুখ। তিনি বলেন, ‘একদিন আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করা যায়? আমি তাকে বলেছিলাম, বিষয়টি খুবই সহজ। আমরা সবাই যদি সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিই এবং সম্প্রীতির সঙ্গে একসঙ্গে বসবাস করি, তাহলে ভালোবাসার জয় হবেই।’

শান্তির সূচনা মানুষের নিজের ভেতর থেকেই হওয়া প্রয়োজন বলে মনে করেন শাহরুখ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শান্তির শুরু হয় খুব ছোট একটি জায়গা থেকে—আমাদের নিজেদের ভেতর, আমাদের হৃদয় থেকে। শান্তি একটি সিদ্ধান্ত, একটি দায়িত্ব এবং এমন এক প্রতিশ্রুতি, যা প্রতিদিন আমাদের পালন করতে হবে।’

একই সঙ্গে সাধারণ মানুষের সম্মিলিত শক্তির ওপর গুরুত্ব দেন এই অভিনেতা। তার ভাষায়, সাধারণ মানুষের শক্তিকে কখনো অবহেলা করা উচিত নয়। আমরা সবাই সাধারণ মানুষ এবং সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরে উপস্থিত অতিথিদের একটি ছোট প্রতিজ্ঞা করার আহ্বান জানান শাহরুখ। তিনি বলেন, ‘সব বিষয়ে আমাদের একমত হতে হবে না। তবে প্রত্যেক মানুষের গল্প বোঝার চেষ্টা করতে হবে। জীবনে আমরা অনেক ভুল করতে পারি, কিন্তু আমাদের আচরণে যেন অন্য কেউ সমস্যায় না পড়ে বা কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

বক্তব্যের একপর্যায়ে মুম্বাইয়ের ২৬/১১ হামলা, পেহেলগামসহ বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান শাহরুখ। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেসব সাহসী নিরাপত্তাকর্মী প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতিও সম্মান জানান তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা ফড়নবিসের নেতৃত্বাধীন দিব্যজ ফাউন্ডেশন আয়োজন করে অনুষ্ঠানটির। এতে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেতা জ্যাকি শ্রফ, সুনীল শেঠি ও রণবীর সিংসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »