স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪৮ রানে হারিয়ে এসিসি পুরুষ এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। রোববার (২৩ নভেম্বর) ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘বি’র ম্যাচে এই জয় তুলে নেয় পাকিস্তান শাহিনস। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় জয়।
পাকিস্তানের দেয়া ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ভারত ‘এ’। অধিনায়ক তিলক ভার্মার দুর্দান্ত শতকও দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি।
৩১৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ইমরান রাঁধাওয়া ১৩ বলে ১১ রান করা বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন। এরপর আলী রাজা ৪ বলে শূন্য রানে আয়ুশ বাদোনিকে ফিরিয়ে ভারতকে আরও চাপে ফেলেন।
২৬ রানে ২ উইকেট হারানোর পর অভিষেক শর্মা ও অধিনায়ক তিলক ভার্মা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজনের ৬৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ভারত। তবে ৪২ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলা অভিষেককে ফিরিয়ে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন হাসান নেওয়াজ। অভিষেকের ইনিংসে ছিল ৬টি চার ও ৬টি ছক্কা।
এরপর কুমার কুশাগ্রাকে ২ রানে ফিরিয়ে দেন সুফিয়ান মুকিম। হাসান নেওয়াজের পরের দুই শিকার হন রিঙ্কু সিং (৬) ও সূর্যাংশ শেডগে (৩)। ফলে ২৫.৩ ওভারে ১২৯ রানেই ৬ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে ভারত।
এরপর সপ্তম উইকেটে তিলক ভার্মা ও শাহবাজ আহমেদ মিলে দুর্দান্ত প্রতিরোধ গড়েন। দুজনের ১১২ রানের জুটিতে ম্যাচে ফেরার আশা জাগে ভারতের। দুজনই তুলে নেন অর্ধশতক। তাঁদের ব্যাটে দুই শর ঘর পেরিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভারত।
কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে জুটি ভাঙেন আলী রাজা। ৪৯ বলে ৫৬ রান করা শাহবাজকে ফিরিয়ে দেন তিনি। তার ইনিংসে ছিল একটি চার ও চারটি ছক্কা। একই স্পেলে বিপ্রজ নিগমকেও শূন্য রানে ফিরিয়ে ভারতকে ২৪১ রানে ৮ উইকেটে পরিণত করেন আলী।
এরপর ইমরান রাঁধাওয়া হর্ষিত রানাকে শূন্য রানে ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত তিলক ভার্মাকে আউট করে ভারতের ইনিংসের সমাপ্তি টানেন আহমেদ দানিয়াল। ১৪৯ বলে ১০০ রান করেন তিলক। তার লড়াকু শতকেও শেষ পর্যন্ত ৪৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে আলী রাজা ও হাসান নেওয়াজ তিনটি করে উইকেট নেন। ইমরান রাঁধাওয়া পান দুটি উইকেট। একটি করে উইকেট নেন আহমেদ দানিয়াল ও সুফিয়ান মুকিম।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তান। দুই ওপেনার শামিল হোসেন ও মাজ সাদাকাত মাত্র পাঁচ ওভারেই তুলে নেন ৫০ রানের জুটি। তাদের উদ্বোধনী জুটি থামে ৬৬ রানে। ২৩ বলে ৩৩ রান করে শামিলকে ফিরিয়ে জুটি ভাঙেন আয়ুশ বাদোনি। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
পরের ওভারেই উইকেটরক্ষক ব্যাটার রোহাইল নাজিরকে শূন্য রানে ফিরিয়ে দেন হর্ষিত রানা। ফলে ৮.৩ ওভারে ৬৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
এরপর মাজ সাদাকাত ও হাসান নেওয়াজ মিলে ইনিংস সামাল দেন। দুজনের ব্যাটে ভালো গতিতে এগিয়ে যায় পাকিস্তানের রান। নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দশম অর্ধশতক তুলে নেন সাদাকাত। তবে ৬৩ বলে ৫৯ রান করে সূর্যাংশ শেডগের শিকার হন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কা। ভাঙে ৫৪ রানের জুটি।
এরপর অধিনায়ক আবদুল সামাদকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন হাসান নেওয়াজ। দলকে দেড়শ রানের ঘরে নিয়ে যান দুজন। নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে নেন নেওয়াজ। তবে সেঞ্চুরি থেকে দূরে থাকতেই শেডগের বলে আউট হন তিনি। ৮২ বলে ৭৯ রানের ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।
এরপর ৩৫ বলে ২৮ রান করা অধিনায়ক সামাদকে রানআউট করেন রিঙ্কু সিং। ৩০.৩ ওভারে ১৮৬ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।
এরপর ফারহান ইউসুফের সঙ্গে জুটি গড়েন ইমরান রাঁধাওয়া। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৪ বলে ২৩ রান করেন রাঁধাওয়া। তার ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কা। তাকে ফিরিয়ে দেন বিপ্রজ নিগম।
এরপর একই বোলার ফিরিয়ে দেন সাদ মাসুদকেও। তবে একপ্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন ফারহান। ৪৮ বলে নিজের দ্বিতীয় লিস্ট ‘এ’ অর্ধশতক পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
৪৭তম ওভারে পাকিস্তানের সংগ্রহ তিনশ ছাড়িয়ে যায়। শেষদিকে প্রিন্স যাদবের বলে ৫৬ রান করে আউট হন ফারহান। এরপর আহমেদ দানিয়াল ও আলী রাজাকেও ফিরিয়ে দেন হর্ষিত রানা ও প্রিন্স যাদব। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান শাহিনস।
ভারতের হয়ে হর্ষিত রানা, প্রিন্স যাদব, সূর্যাংশ শেডগে ও বিপ্রজ নিগম দুটি করে উইকেট নেন। আয়ুশ বাদোনি পান একটি উইকেট।















