• Home
  • অর্থ-বাণিজ্য
  • দরিদ্রদের আয়ের ২০ শতাংশ যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
Image

দরিদ্রদের আয়ের ২০ শতাংশ যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা

বাংলাদেশে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের প্রায় পাঁচ ভাগের এক ভাগই (প্রায় ২০ শতাংশ) চলে যায় মূল্যসংযোজন কর বা ভ্যাট পরিশোধে। বিপরীতে দেশের সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ ভ্যাট হিসেবে দেয়।

বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক নতুন গবেষণায় কর ব্যবস্থার এই বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে। শনিবার (২১ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণাটির ফলাফল তুলে ধরেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন সংস্থাটির গবেষণা পরিচালক মো. দীন ইসলাম ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।

গবেষণার তথ্যে দেখা যায়, ভ্যাটের এই চাপ শহরের তুলনায় গ্রামাঞ্চলে আরও বেশি। গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশেরও বেশি ভ্যাটে চলে যায়, যেখানে শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের কাছ থেকে। বিদ্যমান করহার অনুযায়ী, দেশের সম্ভাব্য মোট ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই শীর্ষ শ্রেণির কাছ থেকে আসার কথা। অন্যদিকে নিচের দিকের ৭০ শতাংশ পরিবারের ওপর আয়করের কোনো দায়ভার নেই।

তবে বাস্তব চিত্র ভিন্ন। দেশে মোট শ্রমশক্তির মধ্যে মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর দেন। এমনকি ই-টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন দাখিলের হার বেশ কম—ব্যক্তিপর্যায়ে এ হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ।

অনুষ্ঠানে র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ন্যায্যতা, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। দেশে বৈষম্য দ্রুত বাড়ছে। সমপরিমাণ আয়ের ওপর সমহারে কর এবং বেশি আয়ের মানুষের ওপর বেশি কর আরোপ করা হলে করব্যবস্থা বৈষম্যহীন হবে এবং রাজস্ব প্রশাসনের প্রতি জনগণের আস্থা বাড়বে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকার রাজস্ব পুনরুদ্ধারের কার্যকর উপায়গুলো খতিয়ে দেখছে।

তিনি স্পষ্ট করেন যে, চলতি বছর সম্পদ কর চালুর প্রস্তাব সরকার বাদ দিয়েছে। এর কারণ ব্যাখ্যা করে অর্থসচিব বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পদের ওপর কর দেওয়ার মতো নগদ অর্থ অনেক মালিকের কাছে না-ও থাকতে পারে। তাই নতুন করে সম্পদ কর আরোপের বদলে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসের ওপর সরকার বেশি জোর দিচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »