• Home
  • দেশ
  • কাউনিয়ায় নিয়ন্ত্রণহীন বেওয়ারিশ কুকুর, জলাতঙ্কের ঝুঁকিতে জনস্বাস্থ্য
Image

কাউনিয়ায় নিয়ন্ত্রণহীন বেওয়ারিশ কুকুর, জলাতঙ্কের ঝুঁকিতে জনস্বাস্থ্য

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, রেলওয়ে স্টেশন, উপজেলা পরিষদ, হাসপাতালসহ জনবহুল এলাকায় দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে এসব কুকুর। পথচারী ও শিশু শিক্ষার্থীদের তাড়া করার ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়ক, বাজার, হোটেল-রেস্তোরাঁ ও বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে অবাধে বিচরণ করছে বেওয়ারিশ কুকুর। চলাচলের সময় পথচারী, রিকশা, সাইকেল ও মোটরসাইকেল আরোহীদের তেড়ে আসছে কুকুরের দল। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা রাজিব গ্রামের সুমন ও নিজপাড়া গ্রামের প্রহলাদ জানান, কুকুরের ভয়ে শিশুদের বিদ্যালয়ে যাতায়াত এবং বয়স্কদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েক মাসে বিভিন্ন গ্রামে প্রায় ৩০ থেকে ৪০ জনকে কুকুরে কামড়েছে। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা পর্যাপ্ত না থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে প্রতি ডোজ টিকা ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা দিয়ে কিনতে হয়েছে অনেককে। আর্থিক অসচ্ছলতার কারণে অনেকে চিকিৎসা নিয়েও বিপাকে পড়ছেন। আর যাদের টাকা অভাব তারা রংপুর পৌরসভায় আবেদন করে অথবা কবিরাজের গুর, লবন, কলা পড়া খেয়ে থেকেছেন।
শিক্ষক আজিজুল ইসলাম বলেন, বেওয়ারিশ কুকুরের উপদ্রব শুধু নাগরিক নিরাপত্তার জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি। কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে নিধনের পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতিতে বন্ধ্যাকরণ ও গণটিকাদান কার্যক্রম চালু করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন জানান, প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী বেওয়ারিশ কুকুর নিধন বা স্থানান্তর আইনত দণ্ডনীয়। তবে প্রশাসনের সঙ্গে আলোচনা করে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে ক্যাচ, নিউটার, ভ্যাকসিনেট ও রিলিজ (সিএনভিআর) কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

সচেতন মহলের দাবি, দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বেওয়ারিশ কুকুরের টিকাদান, বন্ধ্যাকরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। অন্যথায় জননিরাপত্তা ও জনস্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »