• Home
  • দেশ
  • বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন
Image

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও টেকনোলজিস্টরা। দাবি না মানলে আগামী সোমবার থেকে কর্মবিরতি এবং পরবর্তী সময়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বহির্বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন। এসময় মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি, হাসপাতালের পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা এবং মন্ত্রণালয়ে জানিয়েও কোনো সমাধান মেলেনি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সন্তানদের পড়াশোনার খরচের সঙ্গে তাঁদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তাঁরা। আন্দোলনকারীরা জানান, দাবি বিবেচনার জন্য কর্তৃপক্ষকে এক দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমাধান না হলে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস এবং মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। তবে কর্মসূচির কারণে রোগীদের সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বক্তারা জানান, দ্রুত সমাধান হলে তাঁরা সম্মানের সঙ্গে কর্মস্থলে ফিরে যাবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »