• Home
  • দেশ
  • কাউনিয়ায় চিকিৎসার অভাবে বিপ্লবের মৃত্যু! অসহায় পরিবার
Image

কাউনিয়ায় চিকিৎসার অভাবে বিপ্লবের মৃত্যু! অসহায় পরিবার

রাজপথে লড়েছিলেন,

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া রংপুরের কাউনিয়া উপজেলার হারিশ্বর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা জুলাই যোদ্ধা বিপ্লব মিয়া (গেজেট নং-১১৬৩) আর নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা তাঁর স্বজনরা। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন কাউনিয়ার হারিশ্বর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া (৩২)। আন্দোলন চলাকালে তিনি বুলেটের আঘাতে গুরুতর আহত হন। তাঁর বুক থেকে বুলেটের কিছু অংশ বের করা সম্ভব হয়নি। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ছিল রাবার বুলেটের একাধিক আঘাতের চিহ্ন। আন্দোলনে আহত হওয়ার ছবিও রয়েছে তাঁর পরিবারের কাছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন বিপ্লব মিয়া। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি পরিবার। অবশেষে নিজ বাড়িতেই অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের অনেকের ধারণা, জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার পর প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসার অভাবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে থাকতে পারে।

বিপ্লব মিয়ার মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ঢাকা থেকে মুঠোফোনে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁকে কাউনিয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে স্ত্রী ৪পুত্রসহ অশংক্য গুনগ্রাহি রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বিপ্লব মিয়ার স্বজনরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »