গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর বেশি সময় বাকি নেই। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নবায়ন নিয়ে ভারত-বাংলাদেশের আলোচনার অগ্রগতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিচ্ছে না নয়াদিল্লি। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়েও নতুন কোনো অগ্রগতির কথা জানাতে পারেনি ভারত।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে গঙ্গা চুক্তি, যৌথ নদী কমিশনের বৈঠক এবং শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। তবে প্রতিটি ক্ষেত্রেই আগের বক্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি। চুক্তি নবায়ন কিংবা শীর্ষ পর্যায়ের আলোচনার বিষয়ে নতুন কোনো তথ্য দেননি।
তারেক রহমানের বক্তব্যে দিল্লির কৌশলী অবস্থান
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার পেছনে দিল্লিতে অবস্থানরত ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। তবে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
শেখ হাসিনার প্রত্যর্পণে নতুন তথ্য নেই
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশ সরকারের অনুরোধের বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চান সাংবাদিকেরা।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য বা হালনাগাদ অবস্থা নেই। এ বিষয়ে আগের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি। ফলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থানে নতুন কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি।
গঙ্গা চুক্তি নিয়ে আগের অবস্থানেই ভারত
আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এর মধ্যে চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে কোনো আলোচনা বা অগ্রগতি হয়েছে কি না, জানতে চাইলে জয়সওয়াল বলেন, গঙ্গাসহ আন্তঃসীমান্ত নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো।
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভারতের স্বার্থ সুরক্ষিত রাখতেও তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতিতে সম্ভাব্য যৌথ নদী কমিশনের বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি কেবল কারিগরি পর্যায়ে আলোচনা হবে—এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি জয়সওয়াল। তিনি বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তাঁর কাছে আপাতত নতুন কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।
চুক্তি নবায়নে শীর্ষ পর্যায়ের বৈঠক নিয়েও নীরবতা
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেটি সাময়িকভাবে নবায়ন হবে, নাকি নতুন করে পূর্ণাঙ্গ চুক্তি করা হবে—এ বিষয়েও স্পষ্ট কোনো তথ্য দেননি ভারতের মুখপাত্র।
প্রধানমন্ত্রী পর্যায়ে স্বাক্ষরিত চুক্তি নবায়নের ক্ষেত্রে কেবল কর্মকর্তা পর্যায়ের বৈঠক যথেষ্ট হবে, নাকি দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি প্রয়োজন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গঙ্গার পানি বণ্টন ও চুক্তি নিয়ে কিছুক্ষণ আগেই এবং গত তিন-চারটি সংবাদ সম্মেলনেও তিনি বক্তব্য দিয়েছেন। বিষয়টি আগের অবস্থানেই রয়েছে। এর বাইরে নতুন করে কিছু যোগ করার নেই।
ফলে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও নবায়নের প্রক্রিয়া, আলোচনার অগ্রগতি কিংবা দুই দেশের শীর্ষ নেতৃত্বের সম্ভাব্য বৈঠক নিয়ে দিল্লির পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।












