• Home
  • আন্তর্জাতিক
  • রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
Image

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন–পীড়নের ঘটনায় মিয়ানমারকে ‘জাতিগত নিধনের লক্ষ্য’ নিয়ে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সাত বছর ধরে বিচারকাজ শেষে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার ঘোষিত রায়ে একথা বলেছে।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।

জাতিগত নিধনের লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে এসব কাজ করেছে-এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন ইওয়াসাওয়া ইয়ুজি। তিনি বলেন, ২০১৭ সালে ওই অভিযন ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করেছিল।

আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক বলেন, আদালতের কাছে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জাতিগত নিধনের লক্ষ্য নিয়ে কাজ করেছে।

২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের নিষ্ঠুরতার মুখে ঘর–বাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। এখনো তারা বাংলাদেশের কক্সবাজার ও নোয়াখালীর ভাসানটেকে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে আছে।

রোহিঙ্গাদের ওপর চালানো এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জাতিগত নিধন (জেনোসাইড) সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে এই মামলা করেছিল গাম্বিয়া। সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »