• Home
  • দেশ
  • কাউনিয়ায় কৃষকের কাটামারাইতে ভরসা এখন ফিল্টার নেট
Image

কাউনিয়ায় কৃষকের কাটামারাইতে ভরসা এখন ফিল্টার নেট

মাঠে মাঠে ধান শুকানোর ধুম,

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের পর গ্রামীণ জনপদজুড়ে শুরু হয়েছে ধান সিদ্ধ ও শুকানোর ব্যস্ততা। আধুনিক চালকলের প্রসারের ফলে বাড়িতে ধান সিদ্ধ ও শুকানোর প্রচলন অনেকটা কমে এলেও উপজেলার চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামগুলোতে এখনো কৃষক পরিবারগুলো নিজ উদ্যোগে ধান প্রক্রিয়াজাত করে ঘরে তুলছেন। তবে বাড়ির উঠানের সংকট ও কাদামাটির কারণে ধানসহ বিভিন্ন ফসল শুকানোর কাজে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফিল্টার নেট বা বিশেষ ধরনের জাল।

সরেজমিনে উপজেলার বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ধান মাড়াই শেষে কৃষাণীরা বড় বড় হাঁড়িতে ধান সিদ্ধ করছেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে এ কর্মযজ্ঞ। পরে ভোরে সিদ্ধ করা ধান বস্তায় ভরে ভ্যান কিংবা সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে খোলা মাঠ, নদীর পাড়, সেতুর আশপাশ ও স্কুল মাঠে। সেখানে বড় আকারের ফিল্টার নেট বিছিয়ে তার ওপর ধান শুকানো হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামীণ জনপদে আগের মতো বিস্তৃত উঠান না থাকায় কৃষকরা এখন ধান শুকানোর বিকল্প স্থান হিসেবে খোলা মাঠ ও ফাঁকা জায়গা বেছে নিচ্ছেন। ফিল্টার নেটের ওপর ধান শুকানোর ফলে তা সরাসরি মাটির সংস্পর্শে আসে না। এতে ধান তুলনামূলক পরিষ্কার থাকে ও দ্রুত শুকানো সম্ভব হয়।

চর ঢুসমারা গ্রামের মর্জিনা বেগম বলেন, “এক বিঘা জমির ধান সিদ্ধ করে শুকাতে এনেছি। বাড়িতে জায়গার অভাব, আবার আকাশও অনিশ্চিত। তাই খোলা জায়গায় এনে ফিল্টার নেটের ওপর ধান শুকাচ্ছি। এতে ধান পরিষ্কার থাকে এবং ঝামেলাও কম হয়।”

গুপিডাঙ্গা গ্রামের কৃষক দরদি জানান, আগে প্রায় প্রতিটি বাড়ির উঠানে ধান মাড়াই ও শুকানোর কাজ হতো। কিন্তু বর্তমানে জায়গার সংকটের কারণে নদীর চর, স্কুল মাঠ কিংবা ফসলি মাঠের ফাঁকা স্থানে নেট বিছিয়ে ধান, ভুট্টা, বাদাম ও পেঁয়াজ শুকানো হচ্ছে। ফলে ফিল্টার নেটের চাহিদা ও ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ী প্রহলাদ চন্দ্র বলেন, ধান ও ভুট্টা কাটার মৌসুমে ফিল্টার নেটের বিক্রি দ্বিগুণ হয়ে যায়। কৃষকরা ধান ও ভুট্টা শুকানোর কাজে ব্যাপকভাবে এ নেট ব্যবহার করায় বাজারে এর চাহিদাও বেড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন বলেন, “আগে কৃষকরা সরাসরি উঠান বা মাঠে ধান, ভুট্টা ও বাদাম শুকাতেন। বর্তমানে ফিল্টার নেট ব্যবহার করায় ফসল ময়লামুক্ত থাকে, গুণগত মান ভালো হয় এবং বাজারে তুলনামূলক বেশি দাম পাওয়া যায়।”

সব মিলিয়ে আমনের বাম্পার ফলনে কাউনিয়ার গ্রামীণ জনপদে এখন ধান সিদ্ধ ও শুকানোর উৎসব চলছে। আর কৃষকের এই কর্মব্যস্ততায় ফসল শুকানোর আধুনিক ও পরিচ্ছন্ন পদ্ধতি হিসেবে ফিল্টার নেটের ব্যবহার যোগ করেছে নতুন মাত্রা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »