আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, কোনো অন্যায়কে জামায়াতে ইসলামী প্রশ্রয় দেবে না। কোনো অন্যায়কে মাথা তুলে দাঁড়াতেও দেওয়া হবে না। ডিসেম্বর মাসে জামায়াতের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মসূচি কাউকে ঠেকানোর জন্য নয়। শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, তিনি এত ভালো হলে দেশ ছেড়ে পালিয়ে গেলেন কেন? জামায়াত নেতারা দেশ ছেড়ে যাননি বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের আমির আরও বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত্তি ধ্বংস করেছে। সরকারের মধ্যে ফ্যাসিবাদের অনেক লক্ষণ দেখা যাচ্ছে। জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।














