মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে অপহৃত হওয়া এক কিশোরীকে দিনাজপুর থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামী মো. নুর আমিন (২৩) কে গ্রেফতার করা হয়েছে। অনৈতিক প্রস্তাব প্রত্যাখান করায় তাকে অপরহরণ করা হয়।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বৈরবাড়ী জঙ্গলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার নুর আমিন দিনাজপুরের বীরগঞ্জ থানার বৈরপাড়া জঙ্গলপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে।
এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত নুর আমিনের এক নিকটাত্মীয়ের বাড়ি ভুক্তভোগী কিশোরীর বাড়ির কাছে। ওই সুবাদে সেখানে নিয়মিত যাতায়াতের সময় নুর আমিন কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। কিশোরী তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি ক্ষিপ্ত হন।
তারই জেরে গত ১ সেপ্টেম্বর কিশোরী বাজার থেকে বাড়ী ফেরার পথে চারটি মোটরসাইকেল সহ সহযোগীদের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ঘটনার পর অপহৃত কিশোরীকে উদ্ধার ও আসামীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বাড়ায় এসআরবি-১৩।এরপর গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ দিনাজপুর ও সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের যৌথ আভিযানিক দল বীরগঞ্জের বৈরবাড়ী জঙ্গলপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রধান আসামি নুর আমিনকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেফতার হওয়া ওই আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।















