পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।রোববার (৮ নভেম্বর) সকালে তিনি কার্যালয়টি পরিদর্শন করেন। জানা যায়,পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকারী সফরে চার দিন ধরে নানা কর্মসূচিতে অংশ নিয়ে হঠাৎ এই ভূমি অফিস পরিদর্শন করেন। রোববার সরকারী সফরের শেষ দিন ছিল। সদর উপজেলা পরিদর্শনকালে ভূমিসেবা কার্যক্রমের মান ও সেবাগ্রহীতাদের ভোগান্তির বিষয়টি সরেজমিনে যাচাই করেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন রেজিস্টার, নামজারি এবং ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম ঘুরে দেখেন। এসময় উপস্থিত সেবাগ্রহিতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তারা কাঙ্খিত সেবা পাচ্ছেন কি না তার খোঁজ খবর নেনও তাঁদের সমস্যার কথা শোনেন।
এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সতর্ক করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘দাপ্তরিক কাজে কোনো ধরনের দীর্ঘসূত্রতা, অনিয়ম ও হয়রানি বরদাস্ত করা হবে না।’পাশাপাশি ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি প্রতিমন্ত্রী। এসময় পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি সহ দপ্তরের কর্মরত অন্যান্যরা উপস্থিত ছিলেন।















