নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে মো. জিহাদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু জিহাদের বাড়ি বড়বনগ্রাম বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম সুমন আলী। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, শুক্রবার দুপুরে ড্রেনের পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে জিহাদ। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, মৃতদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।















