নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ধানক্ষেত থেকে এক কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। নিহত কিশোরের নাম শিহাব আলী (১৬)। তার বাড়ি গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লায়। বাবার নাম সোহেল রানা। শনিবার সকালে উপজেলার কলিপুর এলাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা একটি ধান খেতে শিহাবের অর্ধগলিত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কর।গোদাগাড়ী থানার (ওসি) সুজন মিঞা জানান, গত ২৭ অক্টোবর রিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি শিহাব। সকালে তার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। তবে তার রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রিকশা ছিনিয়ে নিতে শিহাব কে হত্যা করা হয়েছে। ওসি জানান, লাশে পচন ধরায় শরীরে আঘাতের চিহ্ন বোঝা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।
















