• Home
  • আইন-আদালত
  • শিক্ষকরা সাংবাদিকতা করতে পারবেন না: বিচারপতি একে এম আব্দুল হাকিম
Image

শিক্ষকরা সাংবাদিকতা করতে পারবেন না: বিচারপতি একে এম আব্দুল হাকিম

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, শিক্ষক কিংম্বা অন্য কোন পেশায় কর্মরত কারো সাংবাদিকতা করার সুযোগ নেই। এধরণের দ্বৈত পেশা সাংবাদিকতার পেশাগত স্বচ্ছতা ও গ্রহনযোগ্যতার প্রশ্ন উঠতে পারে।

বুধবার (২১ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেছেন

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর এবং তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) লাইছুর রহমান।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা।অন্য পেশার সঙ্গে যুক্ত থেকে একই সময়ে সাংবাদিকতা করা পেশাগত শৃঙ্খলা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই। সাংবাদিকতার পরিচয় শুধু একটি পদবী বা পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সত্যতা নিশ্চিত করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সাংবাদিকদের পালন করতে হয়। তাই সাংবাদিকতায় যুক্ত ব্যক্তিদের পেশাগত আচরণবিধি ও নীতিমালা মেনে চলা জরুরী।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত অনেকেই সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন—এমন অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা করছেন, কেউ ব্যবসা করছেন, আবার কেউ অন্য কোনো পেশায় যুক্ত থেকেও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার পেশাগত স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার প্রশ্ন তৈরি উঠতে পারে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত পরিচয় ও দায়িত্বের বিষয়টি স্পষ্ট থাকা প্রয়োজন। একজন সাংবাদিককে সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত কিংবা ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। একই সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রকাশের সময় সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ প্রভাব বিস্তার কিংবা অন্য কোনো স্বার্থ হাসিল করতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষতার সঙ্গ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার কথা বলেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »