পঞ্চগড়ে ২৬৮ টি পূজামন্ডপে পূজা উদযাপন
পঞ্চগড় প্রতিনিধি: সনাতন হিন্দু ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ন নির্বিঘœ করতে পঞ্চগড়ে সিপিসি-২ নীলফামারী -১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। সেই সাথে যেকোন নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি সহ টহল জোড়দার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে এসে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় এসআরবি-১৩।ওই ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে।
এ উপলক্ষে পঞ্চগড় জেলায় ২৬৮টি মন্দির ও পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-১৩।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। এসআরবি-১৩-এর রংপুর কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখা হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, পূজান্ডপে ভাঙচুর, পূজার উপকরণ চুরি বা ডাকাতি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা তথ্য ও সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বলেও জানানো হয়। যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার ও সিপিসি-২, এসআরবি-১৩, রংপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আবু রোহানী পারভেজ রনী বলেন, দুর্গাপূজাকে নিরাপদ, আনন্দময় ও সম্প্রীতিপূর্ণ উৎসবে পরিণত করতে এসআরবি-১৩ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।


















