• Home
  • দেশ
  • বরগুনায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে তাওহিদুল নিহত, আহত ২
Image

বরগুনায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে তাওহিদুল নিহত, আহত ২

হিমাদ্রি শেখর কেশব,বরগুনা: বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বরগুনা সদর উপজেলার সোনারবাংলা এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গৌরীচন্না এলাকা থেকে গাজী টেলিভিশনের স্টিকার বা লোগো সম্বলিত একটি প্রাইভেটকার বরগুনা শহরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আসছিল। সোনারবাংলা এলাকায় পৌঁছালে প্রাইভেটকার(ঢাকা মেট্রো- গ ৪৭৬৮৮৫) ও অটোরিকশাটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী তাওহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সংঘর্ষের পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বাবলু নামে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ব্যক্তিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নিহত তাওহিদুল ইসলামের বাড়ি বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ বলেন, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় কার, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Related Posts

1 Comments Text
  • Jessie4608 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://addlinks.pro/glfsz
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »