• Home
  • অর্থ-বাণিজ্য
  • অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের কোনো ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা
Image

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের কোনো ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে পূর্বানুমতি ছাড়া বন্দর-সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পরিচালনাগত তথ্য প্রকাশ বা প্রচার না করতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে। একই সঙ্গে এই নির্দেশনার আইনি ভিত্তি ও এটি জারির সময় নিয়েও প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বন্দর ব্যবহারকারী ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে পূর্বানুমতি ছাড়া বন্দরের নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা, জাহাজ ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম, নিয়ন্ত্রিত এলাকা এবং অবকাঠামো-সংশ্লিষ্ট ছবি, ভিডিও, নকশা ও পরিচালনাগত তথ্য প্রকাশ বা প্রচার না করার নির্দেশ দিয়েছে।

নোটিশে বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও গণমাধ্যমের কথা উল্লেখ করে বলা হয়েছে, নির্দেশনা লঙ্ঘন করলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২ এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর অধীনে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ রেফায়েত হামীম স্বাক্ষরিত নোটিশটি বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদক ও ব্যুরোপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এ নির্দেশনা জারির সময়টি বিশেষভাবে নজর কেড়েছে। কারণ, নিউ মুরিং কনটেইনার টার্মিনাল ১৫ বছরের জন্য বিদেশি পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রস্তাব নিয়ে এরই মধ্যে উত্তেজনা বাড়ছে।

আন্দোলনকারীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেছেন। তারা তাকে ‘ডিপি ওয়ার্ল্ডের এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগও করেছেন। আগামী ১৩ অক্টোবর চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও এবং তাকে কার্যালয় থেকে বের হতে না দেয়ারও হুমকি দিয়েছেন তারা।

এমন পরিস্থিতিতে বন্দর-সংশ্লিষ্ট তথ্য প্রকাশে হঠাৎ করে আরোপ করা এই বিধিনিষেধ নিয়ে প্রশ্ন উঠেছে-এটি কেবল নিরাপত্তার ব্যবস্থা, নাকি এর ফলে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশও প্রভাবিত হতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »