• Home
  • প্রচ্ছদ
  • ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি: অপপ্রচারের কড়া জবাব প্রেস উইংয়ের
Image

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি: অপপ্রচারের কড়া জবাব প্রেস উইংয়ের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ ছবি নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান এক প্রেস নোটে এই অপপ্রচারের কড়া জবাব দিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরেন।

প্রেস নোটে জানানো হয়, নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণকারী বিশ্বনেতা ও তাঁদের স্ত্রীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৈশভোজ ও রিসেপশনের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

হোয়াইট হাউস থেকে সেই আয়োজনের একটি ছবি ঢাকা কার্যালয়ে পাঠানো হয়, যা পরে জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু একটি কুচক্রী মহল মূল ছবিটিকে ভুয়া প্রমাণের উদ্দেশ্যে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড বা কৃত্রিমভাবে তৈরি ছবি যুক্ত করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

অপপ্রচারকারীদের ছড়ানো বিকৃত ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট বা প্রতিকৃতি হিসেবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। অপপ্রচারকারীরা দাবি করছে, প্রধানমন্ত্রীর আসল ছবিটি ভুয়া এবং এআই দিয়ে তৈরি ছবিটিই সত্য।

তবে প্রেস নোটে স্পষ্টভাবে জানানো হয়েছে, আলবেনিয়াভিত্তিক বিশ্বস্ত সংবাদমাধ্যম ‘প্যামফ্লেটি ডটনেট’ (Pamfleti.net) গত ২ অক্টোবর এক অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর ওই ছবিটিকে পুরোপুরি এআই-জেনারেটেড এবং ম্যানিপুলেটেড বলে নিশ্চিত করেছে।

অর্থাৎ, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে ছবিটিকে আগেই ভুয়া বলে প্রমাণ করা হয়েছে, সেই একই ছবি ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের উপস্থিতির আসল ছবিটিকে বিতর্কিত করার এক হীন অপচেষ্টা চালানো হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »