প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ (বৃহস্পতিবার) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। এই দিনব্যাপী সরকারি সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের উদ্বোধন এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় উপস্থিত হয়ে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই প্রকল্পটি ওই অঞ্চলের দীর্ঘদিনের বন্যা সমস্যা নিরসন ও কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এরপর তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপন করা রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও উদ্বোধন করবেন।
পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় যাবেন। সেখানে তিনি বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপর বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। একই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের হাতে সরকারি সম্মানীও তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর। দিনব্যাপী এসব ব্যস্ত কর্মসূচি শেষে বিকেল সাড়ে পাঁচটায় সড়কপথে ফেনী থেকে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



















