ফেনী প্রতিনিধি:“মাদকমুক্ত সমাজ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ি, সন্ত্রাস-অপরাধ রুখে শান্তি ও সমৃদ্ধি আনি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়ায় মাদক, সন্ত্রাস, অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর মির্জাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দক্ষিণ যশপুর সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইসমাইল। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ যশপুর সমাজ কল্যাণ কমিটির সদস্য মাওলানা রাসেল আবেদীন।
দক্ষিণ যশপুর সমাজ কল্যাণ কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং মাস্টার হাফেজ আহাম্মদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, মাস্টার হাফেজ আহাম্মদ, প্রবাসী মাহবুব, জামাল উদ্দিন, কামরুল হাসান, রফিকুল ইসলাম রনি, আবু তৈয়ব, নজরুল ইসলাম সুমন, সাইফুল ইসলাম, মির্জাপাড়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি নুরুল আমিন রনি ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।
এ সময় স্থানীয়রা এলাকায় মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া আলিম পরীক্ষার্থী মাহমুদুল হাসান হৃদয় ইসলামি সংগীত পরিবেশন করেন।
বক্তারা বলেন, মাদক ও অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।
আয়োজিত সভায় স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

















