পঞ্চগড়ের দেবীগঞ্জে ঘরের পাশে ধানক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত হাছিনা বেগম (৪৫) বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি স্থানীয় বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে এসে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি ধানক্ষেতে মাছ ধরার ‘টেমাই’ (বিশেষ ফাঁদ) আনতে যান স্থানীয় কয়েক ব্যক্তি। এ সময় তারা জমিতে হাছিনা বেগমের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাদের ডাকাডাকি শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বখতিয়ার রহমান বলেন, ‘সকালে কয়েকজন মাছ ধরার ফাঁদ ওঠাতে গিয়ে ওই নারীর লাশ দেখতে পান। সকাল ৮টার দিকে আমি দেবীগঞ্জ থানায় খবর দিই। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।’
তবে ঘটনার বিষয়ে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।















