নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হৃদয় (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হৃদয়কে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মাত্র একদিনের ব্যবধানে তার মৃত্যু হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ২১ জন রোগী। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরিয়েছেন ১৮ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।তথ্য অনুযায়ী, রামেক হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাবে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে তিনজন। এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছে।













