পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। প্রতিবন্ধী শিশু-কিশোর ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কিছুটা সময় কাটান।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রের বিভিন্ন কক্ষ ও কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, থেরাপি ও অন্যান্য সেবা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এ সময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জেলা প্রশাসককে কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও সেবার বিষয়ে অবহিত করেন।
জেলা প্রশাসক শুকরিয়া পারভীন কেন্দ্রের সেবাগ্রহীতা প্রতিবন্ধী ছেলে-মেয়েদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি শিশুদের হাতে চকলেট তুলে দেন। এসময় জেলা প্রশাসক প্রতিবন্ধী শিশুদের প্রতি পরিবার ও সমাজের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “মানুষকে যদি সুযোগ দেওয়া হতো তার সন্তানকে বেছে নেওয়ার, তাহলে মানুষ হয়তো সুস্থ, সবল, বুদ্ধিমান ও সুন্দর শিশুকেই বেছে নিতেন। কিন্তু আল্লাহ আমাদের সেই সুযোগ দেননি। এটিই একটি নিয়ামত।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা নির্বাচন অফিসার নাজমুল হাসান, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, ডা. দীপক কুমার রায়, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট শাহ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।













