শোবিজের আলো-ছায়ায় বেড়ে ওঠা দুই ভাই দিব্য ও সৌম্যর। বাবা নাট্যকার বৃন্দাবন দাস, মা অভিনেত্রী শাহনাজ খুশি- শিল্পের আবহেই শৈশব কেটেছে তাদের।
চারপাশে ছিল নাটকের গল্প, ক্যামেরার আলো আর অভিনয়ের ব্যস্ততা। সেই পরিবেশ থেকেই ধীরে ধীরে অভিনয়ের প্রতি তৈরি হয় ভালোবাসা, আর একসময় সেই ভালোবাসাই হয়ে ওঠে তাদের স্বপ্নের পথ।সময় গড়িয়েছে। বাবা-মায়ের পরিচয়ের ছায়া পেরিয়ে নিজেদের প্রতিভা ও পরিশ্রমে শোবিজে আলাদা পরিচয় তৈরি করছেন দুই ভাই।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন তারা। টেলিভিশন নাটকের গণ্ডি পেরিয়ে সিনেমা ও ওয়েব কনটেন্টেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন দিব্য ও সৌম্য।অভিনয়ের সেই পথচলায় এবার যোগ হলো নতুন এক অর্জন। নিজেদের উপার্জনের অর্থে গাড়ি কিনেছেন দুই ভাই। সন্তানদের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দে ভেসেছেন মা শাহনাজ খুশি। তার কাছে হয়তো গাড়িটি শুধু একটি বাহন নয়, বরং দুই সন্তানের স্বপ্ন, শ্রম আর নিজের পায়ে দাঁড়ানোর গল্পের একটি দৃশ্যমান স্মারক।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ছেলের নতুন পথচলার কথা জানিয়ে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাহনাজ খুশি লেখেন, ‘দিব্য-সৌম্যর নতুন স্বপ্ন, পরিশ্রম আর নতুন পথচলা। অভিনন্দন বাবা। তোদের কষ্ট/স্বপ্ন সার্থক হোক।’
মায়ের এই কয়েকটি বাক্যে যেন লুকিয়ে আছে সন্তানের সাফল্যে একজন মায়ের গর্ব, ভালোবাসা আর ভবিষ্যতের জন্য অগাধ প্রত্যাশা।
দুই ভাইয়ের মধ্যে সৌম্য ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছেন আলোচিত ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অনন্ত চরিত্রে অভিনয় করে। অন্যদিকে দিব্যকে দেখা গেছে আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর পরবর্তী পর্বে। পাশাপাশি বিভিন্ন সময় টেলিভিশন নাটক ও ওয়েব কনটেন্টেও অভিনয় করছেন তারা।



















