ফেনী প্রতিনিধি: ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একাধিক মোবাইল ফোন, কম্পিউটার সামগ্রী, ব্যাংকের চেকবইসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ সুপার, ফেনীর প্রত্যক্ষ নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ডিবি ফেনীর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে ফেনী সদর মডেল থানাধীন ট্রাংক রোডের নয়ন ম্যানশনের নিচতলা, মধ্যম চাড়িপুর, ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বিকাশ চন্দ্র নাথ ওরফে আরিয়ান মাহমুদ প্রকাশ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অনলাইনে অবৈধ ট্রেডিং কার্যক্রম পরিচালনা ও এ-সংক্রান্ত প্রচারণার অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তার কাছ থেকে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে ২টি iPhone 17 Pro Max, ১টি iPhone 12 Pro Max, ৩টি Pixel-7 Pro মোবাইল ফোন, Dutch-Bangla Bank-এর একটি চেকবই, একটি ৩২ ইঞ্চি কার্ভ মনিটর, একটি সাদা রঙের প্রসেসরযুক্ত CPU, একটি মাইক্রোফোন, একটি হেডফোন, একটি ওয়েবক্যাম, একটি লাইট-স্ট্যান্ড, দুটি প্রাইভেটকার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত Pixel-7 Pro মোবাইল ফোন ও মোবাইলের স্ক্রিনে Binance-সহ বিভিন্ন আর্থিক লেনদেন-সংক্রান্ত অ্যাপের স্ক্রিনশট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ তার অনলাইন ট্রেডিং-সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামি দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।


















