জুনিয়র এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। রোববার (৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে গেছে তারা। এর আগে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ৩-২ গোলে পরাজয় বরণ করেছিল দলটি।
১০ দলের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে চীন আর মালয়েশিয়ার ছাড়াও আছে পাকিস্তান ও কাজাখস্তান। আগামী মঙ্গলবার তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ প্রথম কোয়ার্টার কেউই বল জালে জড়াতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের ২১ থেকে ২৩ মিনিটের মধ্যে দুই গোল খায় বাংলাদেশ। ২৪ মিনিটে গোল দিয়ে বাংলাদেশ শিবিরে আশা জাগান আব্দুল্লাহ।
তৃতীয় কোয়ার্টারে ফিল্ড গোল করে বাংলাদেশের ম্যাচে ফেরার আশা আরও জোরালো করেন মেহেদী হাসান। তার ফিল্ড গোলে ২–২ সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু চতুর্থ কোয়ার্টারে ভরাডুবি হয় বাংলাদেশের। ৪৮ ও ৫১ মিনিটে দুইটি গোল দিয়ে মালয়েশিয়ার পক্ষে ম্যাচ বের করে নেন সুজাইনি ফাহমি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
প্রসঙ্গত, সব মিলিয়ে জুনিয়র এশিয়া কাছে নয়বার খেলেছে বাংলাদেশ। ১৯৯৬ সালে সেরা সাফল্য হিসেবে সেমিফাইনাল খেলেছিল দলটি। ছেলেদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।





















