Image

ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির সম্ভাবনা রয়েছে : পুতিন

ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের সাম্প্রতিক হামলার কারণে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে আয়োজিত একটি অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় পুতিন এসব কথা বলেন।রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে প্রস্তুত।

তবে শেষ পর্যন্ত যুদ্ধের স্থায়ী সমাধান দুই দেশকেই খুঁজে বের করতে হবে।পুতিন বলেন, ‘শান্তির সম্ভাবনা আছে কি? আমার মতে, হ্যাঁ, অবশ্যই আছে। ’

তবে ইউক্রেনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে শান্তি আলোচনার পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। পুতিনের দাবি, ইউক্রেনের বাণিজ্যিক জাহাজে হামলা এবং বেসামরিক উড়োজাহাজে হামলার হুমকির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের এসব কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোনের উপস্থিতির কারণে ওই অঞ্চলে উড়োজাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে ইউক্রেন বেসামরিক উড়োজাহাজকে লক্ষ্যবস্তু বা হুমকি দেবে না বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ইউক্রেনের লক্ষ্য শুধু রাশিয়ার সামরিক স্থাপনা।

এর আগে বুধবার ইউক্রেন জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থার কাছে রাশিয়ার আকাশসীমায় বেসামরিক বিমান চলাচল বন্ধে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানোর অনুরোধ করেছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর নিরাপত্তাজনিত কারণে ইউক্রেনের নিজস্ব আকাশসীমাতেও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল বন্ধ রয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »